ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। মঙ্গলবার (২১ এপ্রিল) এ হামলার পরও আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি'র সাংবাদিকরা।
গত অক্টোবর দশ তারিখ থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-আমাল এলাকায় জাকজুক মোড়ের কাছে ইসরায়েলি বিমান হামলায় ওই তিনজন নিহত হন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের দুই বছর পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও সহিংসতা পুরোপুরি থামেনি।
হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৭০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এসব তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে। অন্যদিকে, একই সময়ে গাজায় নিজেদের পাঁচজন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।