কুমিল্লায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌর ভবনের সামনের একটি আবাসিক ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সিনথিয়ার মা দুই সন্তানকে নিয়ে লাকসাম পৌর ভবনের সামনে একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় মুঠোফোনে বান্ধবীদের সঙ্গে বেশি সময় কথা বলায় মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সিনথিয়া নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাতে ব্লেড দিয়ে কাটা একাধিক দাগও দেখা গেছে।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।