জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় 

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে আপিল বিভাগ  

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুই দিন ভার্চুয়াল আদালতে বিচারকাজ পরিচালনা করা হবে। সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনীতি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সপ্তাহের দুই দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টে (প্রধান বিচারপতির এজলাস) ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে কার্যতালিকা অনুযায়ী আদালত কার্যক্রম পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য দিন শারীরিক উপস্থিতিতে আদালত কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপিল বিভাগের চেম্বার কোর্ট- ১ ও চেম্বার কোর্ট- ২ এ নির্ধারিত তারিখ ও সময়ে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে পরিচালিত হবে। আপিল বিভাগের ১ নম্বর আদালত ও চেম্বার আদালতগুলোতে মামলা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত আইনজীবীগণকে যথাযথ পোষাক পরিধান, সঠিক নাম ও পেশাগত পদবী এন্ট্রি করে যথাসময়ে জুম আইডিতে প্রবেশ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।