সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: তদন্তে ৫ সদস্যের কমিটি

জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য স্পিকার মঙ্গলবার (২১ এপ্রিল) ৫ সদস্যের এই কমিটি গঠন করেন।

পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিনকে (নিজান)। এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

কমিটির সদস্যরা সরেজমিনে নথিপত্র যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন। কমিটিকে গঠিত হওয়ার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে বর্ণিত বিষয়ে সরজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।