শারমীন জোহা শশী। যিনি ‘হাজার বছর ধরে’ সিনেমার টুনি নামেই দর্শকের কাছে বেশি পরিচিত। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করে জ্যোতি ছড়িয়েছেন তিনি। যদিও এই সময়ে নাটকে আগের মতো খুব বেশি নিয়মিত নন তিনি, তবে নিজের ভালোলাগার গল্পের নাটকে ঠিকই অভিনয় করছেন। আর শশী বলেন, ভালোলাগার গল্পেই কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। শুরু থেকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী আবারও নাম ভূমিকায় অভিনয় করছেন। মহিন খানের রচনা ও পরিচালনায় এই নাটকের নাম ‘ভাবী’। এতে শশী অভিনয় করেছেন পারুল চরিত্রে এবং নিলয় আলমগীর শশীর অর্থাৎ পারুলের দেবর ইমরান চরিত্রে অভিনয় করেছেন।
শশী বলেন, ‘নাটকের গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার চরিত্রটিও বলা যায় প্রচলিত চরিত্রের বাইরে, যেখানে অভিনয়টা করার যথেষ্ট সুযোগ আছে। মহিনের পরিচালনায় এবারই প্রথম কাজ করেছি। মহিন অনেক যত্ন নিয়ে কাজটি করেছে। সবমিলিয়ে নিলয় ও আমার অভিনয় আশা করছি দর্শকের ভালো লাগবে।’
নাটকের গল্পে দেখা যাবে, ‘পারুল ইমরানের বড় ভাইয়ের স্ত্রী। ইমরানের বড় ভাই দেশের বাইরে থাকেন। বিদেশ থেকে সংসারের জন্য বড় ভাই টাকা পাঠায়। ইমরান সংসার দেখাশোনা করে। পারুল ও ইমরান যেহেতু ভাবী ও দেবর, তাই তাদের মধ্যে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক থাকে। একসময় বড় ভাই বিদেশে মারা যায়। মারা যাওয়ার পর গ্রামের মানুষ বলাবলি করে যে দেবর-ভাবীর মধ্যে সম্পর্ক আছে। সেই সম্পর্কটার একটা শেষ পরিণতি হয়। এই নিয়েই ভাবী নাটকটির গল্প, যা অনেক প্রবাসীর জীবনে ঘটে থাকে।