আইএমএফের পূর্বাভাস

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে ২০২৭ সালে ভারত বাংলাদেশকে এ সূচকে আবার ছাড়িয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থাটি। যা ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আইএমএফের মূল্যায়নে চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রাক্কলন ২ হাজার ৯১১ মার্কিন ডলার হতে পারে। আর ভারতের ক্ষেত্রে তা ২ হাজার ৮১২ মার্কিন ডলার হতে পারে।

মাথাপিছু জিডিপি হলো একটি দেশের ব্যক্তিপ্রতি অর্থনৈতিক উৎপাদনের পরিমাপ। একটি দেশের মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়। আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ সাধারণত বছরে দুবার প্রকাশিত হয়, যেখানে বিশ্বঅর্থনীতি বিশ্লেষণ করে স্বল্প ও মধ্যমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়।

জানা গেছে, ২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৭৫ ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৩৫ ডলারের চেয়ে সামান্য বেশি। তবে ২০২৩ ও ২০২৪ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে ছিল।

তবে আইএমএফের পূর্বাভাস বলছে, ২০২৭ সালে ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে। আর বাংলাদেশের হতে পারে ৩ হাজার ৪৮ ডলারের চেয়ে বেশি। আইএমএফ-এর প্রক্ষেপণ অনুযায়ী, অন্তত ২০৩১ সাল পর্যন্ত ভারত মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে।

২০২৬ সালে ভারতের সামগ্রিক জিডিপি প্রাক্কলন করা হয়েছে ৪ লাখ ১০ হাজার কোটি ডলার (৪ দশমিক ১ ট্রিলিয়ন), যা বাংলাদেশের ৫১ হাজার কোটি ডলারের (৫১০ বিলিয়ন) তুলনায় অনেক বেশি।

আইএমএফ বলছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বঅর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। ফলে ২০২৬ সালে বিশ্বঅর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ এবং ২০২৭ সালে ৩ দশমিক ২ শতাংশ হতে পারে।