যুক্তরাজ্যে ধূমপান নিষিদ্ধের পথে নতুন আইন

যুক্তরাজ্যে ধূমপান নিয়ন্ত্রণে ইতিহাস সৃষ্টি করেছে নতুন একটি আইন। দেশটির পার্লামেন্টে পাস হয়েছে 'তামাক ও ভেপ বিল', যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট বিক্রি কার্যত নিষিদ্ধ হতে যাচ্ছে।

এই আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তিকে জীবনে কখনোই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। অর্থাৎ ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য ধূমপান কেনা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্য হলো ধীরে ধীরে একটি 'ধূমপানমুক্ত প্রজন্ম' গড়ে তোলা। 

যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ-উভয় কক্ষেই বিলটির চূড়ান্ত খসড়ায় সমর্থন দেওয়া হয়েছে। এখন রাজকীয় অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে। তখন সরকার তামাক, ভেপিং ও নিকোটিন পণ্যের স্বাদ ও প্যাকেজিং নিয়ন্ত্রণে নতুন ক্ষমতা পাবে।

আইন অনুযায়ী, শিশু পরিবহনকারী গাড়ি, খেলার মাঠ, স্কুলের আশপাশ এবং হাসপাতালের বাইরে ভেপিং নিষিদ্ধ থাকবে। তবে হাসপাতালের বাইরে ধূমপান ছাড়তে ইচ্ছুকদের জন্য ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি পাব গার্ডেন, সমুদ্র সৈকত ও ব্যক্তিগত খোলা জায়গাগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। নিজ বাড়িতে ধূমপান ও ভেপিং আগের মতোই বৈধ থাকবে।

দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলে উল্লেখ করে বলেন, এটি জনস্বাস্থ্যের উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাবে।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন লর্ডস কক্ষে বলেন, এটি প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগগুলোর একটি, যা অসংখ্য জীবন বাঁচাবে বলে তিনি আশা প্রকাশ করেন।