সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদি আরবে অবতরণ করেন।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী।

এদিকে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত ব্যক্তির নাম নইম উদ্দীন মন্ডল (৭৫)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। এটি চলতি মৌসুমের প্রথম মৃত্যুর ঘটনা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। নিয়ম অনুযায়ী, আগামী ২১ মে হজযাত্রীদের সৌদি যাওয়ার ফ্লাইট কার্যক্রম শেষ হবে। এরপর হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

২০২৬ সালের কোটা অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জনসহ মোট ৭৯ হাজার ৫০০ জন হজযাত্রীর পবিত্র হজ পালনের কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও সৌদি হজ অফিস হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।