ঢাবির সুফিয়া কামাল হলে কমলো মাস্টার্সে ভর্তি ও সংস্থাপন ফি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা ছিলো অন্য যেকোনো হলের শিক্ষার্থীদের তুলনায় বাড়তি সংস্থাপন ফিস এবং মাস্টার্সে ভর্তি ফিস প্রদান করা। বিষয়টি হল সংসদের দীর্ঘ প্রচেষ্টার ফলে সুষ্ঠু সমাধান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুফিয়া কামাল হল সংসদের নেতৃবৃন্দ ও হল প্রশাসনের দীর্ঘ আলোচনার পর এই বিষয়ে তারা সমাধানে আসেন।

খোঁজ নিয়ে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের সংস্থাপন ফি ৬০০ টাকা এবং মাস্টার্সে ভর্তি ফিস ৮০০ টাকা, শামসুন্নাহার হলে সংস্থাপন ফি ৩৬০ এবং মাস্টার্সে ভর্তি ফি ৭০০, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সংস্থাপন ফি ৬৬০ এবং মাস্টার্সে ভর্তি ফি ৫০০, বাংলাদেশ- কুয়েত মৈত্রী হলের সংস্থাপন ফি ১০০০ এবং মাস্টার্সে ভর্তি ফি ৫০০ টাকা। 

অন্যদিকে সুফিয়া কামাল হলের সংস্থাপন ফি ছিলো ১২০০ টাকা যা কমিয়ে এখন ৯৬০ টাকা করা হয়েছে এবং মাস্টার্সে ভর্তি ফিস ৩৩০০ টাকা থেকে কমিয়ে ২৩০০ টাকা করা হয়েছে যা আগামী জুন-জুলাই শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। 

সুফিয়া কামাল হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাদিয়া হাসান লিজা বলেন, ডাকসু হওয়ার অনেক আগে থেকেই বেশ কয়েকবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরা আমাদের সংস্থান ফিস এবং মাস্টার্সে ভর্তি ফিস কমানোর বিষয়ে হল প্রশাসনের নিকটে গিয়েছি তবে কোনোকিছুই ফলপ্রসূ হয়নি। নিঃসন্দেহে হল সংসদের জন্য এটা একটা বিশাল অর্জন।

২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী তাবাসসুম রশিদ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বাড়তি সংস্থাপন ফি এবং মাস্টার্সে ভর্তি ফিস প্রদান করতে হয়েছে, যদিও এটা কমানোর জন্য আমরা বার বার হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি তারপরও কোনো সমাধান আসেনি। তবে সকলের সার্বিক সহযোগিতায় বাড়তি ফি প্রদানের রীতি কমিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসায় আমরা শিক্ষার্থীরা সবাই অত্যন্ত খুশি। 

এ বিষয়ে হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য হল গুলোর তুলনায় সুফিয়া কামাল হলের সংস্থাপন ফি বেশি৷ অন্যদিকে এতদিন মাষ্টার্স ভর্তি ফি ছিল ৩৩০০ টাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের মধ্যে সর্বোচ্চ। হল সংসদ দায়িত্ব গ্রহণের পরপরই আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিভিন্ন সময় আলোচনা করে ফি কমানোর ব্যবস্থা করেছি। 

হল সংসদের এজিএস শিমু আক্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর তুলনায় কবি সুফিয়া কামাল হলে অনেক বেশি ফি দেয়া লাগতো। এই সমস্যা সমাধানে কবি সুফিয়া কামাল হল সংসদ সর্বদা সোচ্চার ছিল এবং এটি নিয়ে বারবার আলোচনা করা হয়। সকল শিক্ষার্থীর চাহিদা ও হল সংসদের নিয়মিত আলোচনায় সর্বশেষ শিক্ষার্থীদের মাস্টার্সের ভর্তির ফি এবং সংস্থাপন ফি কমানো হয়।