কর্কটের সঙ্গে লড়ছেন অভিনেতা তপন

ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন। পর্দায় দর্শককে হাসি আনন্দে মাতিয়ে রাখা এই শিল্পী এখন নিজেই হাসতে ভুলে গেছেন। বর্তমানে রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পরিবার। 

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত ডিসেম্বর খাদ্যনালির ক্যানসার ধরা পড়ে তপনের। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, রোগটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে। তপনের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি ঠিকমতো খেতে পারছেন না, সারাক্ষণ বমি হচ্ছে এবং শরীরজুড়ে তীব্র ব্যথা অনুভব করছেন বলে জানান তার স্ত্রী। 

চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। সরকারি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। 

এ অবস্থায় সরকার ও সহকর্মীসহ সবার কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার। তারা আশা করছে, সবার সহায়তায় আবারও সুস্থ হয়ে ফিরতে পারবেন এই অভিনেতা।