আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে প্রতি উপজেলার ২টি স্কুলের শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে এই স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে।
আজ বুধবার শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের মাঝে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পাইলট প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কর্মসূচিটি প্রথম শ্রেণি থেকে শুরু হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্কুল নির্বাচন করা হবে। প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে এসব ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পণ্যের প্রসারে এবং পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মাঝে এই ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সব প্রাথমিক বিদ্যালয়ে একই রকম পোশাক নিশ্চিত করা হবে এবং ছেলে ও মেয়েদের জন্য পোশাক ও ব্যাগের নকশা আলাদা হবে। শিক্ষা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে দেশীয় পণ্যের সুষম বন্টন নিশ্চিত করাই সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।