ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সীমান্ত

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহাগ। একইসঙ্গে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বগুড়ার কৃতি সন্তান রূপসী ফ্লাওয়ার মিলের তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত। সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হন মুন্সীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ)।

বুধবার (২২ এপ্রিল) রাজধানী ঢাকার বিজয়নগরে অ্যালি'স সেন্টারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব তাদের জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন, দেশের ফ্লাওয়ার মিল খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, আমরা সকল সদস্যকে সাথে নিয়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সংগঠন গড়ে তুলতে চাই। সরকারের সাথে সমন্বয় রেখে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত বলেন, ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সরকারের সাথে সমন্বয় করে ফ্লাওয়ার মিল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ) জানান, বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের কল্যাণে কাজ করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করাই তার মূল লক্ষ্য।

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অ্যাসোসিয়েশনের উন্নয়ন সাধন এবং মিল মালিকদের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নবনির্বাচিত নেতরা আরও বলেন, সংগঠনের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর, গতিশীল এবং ব্যবসাবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। তারা এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।