ডন বিতর্কে টাকা ফেরত দিচ্ছেন রণবীর

বলিউডে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু রণবীর সিং। মেগাবাজেটের সিনেমা ‘ডন-৩’ থেকে সরে দাঁড়ানো নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন গড়িয়েছে ক্ষতিপূরণের আলোচনায়। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের এ সিনেমায় কাজ করার কথা থাকলেও মাঝপথে প্রকল্প ছেড়ে দেন রণবীর। এ সিনেমা থেকে রণবীরের সরে দাঁড়ানোর পর প্রযোজনা সংস্থা এক্সেল ইন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি ওঠে। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি মিলে প্রায় ৪০ কোটি টাকা দাবি করেছিলেন অভিনেতার কাছে। তবে প্রথম দিকে এ দাবি মানতে নারাজ ছিলেন রণবীর। এই বিবাদ মেটাতে ভারতের প্রোডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া মধ্যস্থতা করতে এগিয়ে এসেছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে গুঞ্জন উঠেছিল, আমির খান দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে দিচ্ছেন। তবে আমির খান পরে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়ে জানান, এই বিতর্কের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।