চট্টগ্রামের হালিশহর থানায় মাটি খননের সময় মাটি ধসের দুই শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২২ এপ্রিল) রাতে আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় চীনা হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হন।
নিহতরা হলেন দিনাজপুর জেলার রাকিব ও তুষার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন এবিষয়ে নিশ্চিত করেন।
তিনি জানান, খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে জানা যায়নি।
এঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।