নারী সংক্রান্ত ভিডিও প্রকাশ, যুবদল নেতাকে অব্যাহতি

ফেনীর ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশও দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মনিরুজ্জামানের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী নানা অভিযোগ আসছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

উপজেলা যুবদলের দায়িত্বশীল নেতারা জানান, দলীয় স্বার্থ ও সাংগঠনিক চেইন অব কমান্ড সমুন্নত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা গেছে, ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি নারী-সংক্রান্ত ভিডিওকে কেন্দ্র করে ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তার প্রতিক্রিয়াও দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

এ প্রেক্ষিতে ২২ এপ্রিল তাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্যপদ এবং সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, মোশারফ হোসেন সোহেল ও বেলাল হোসেন। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।