১০ গোলের রোমাঞ্চকর ম্যাচ দিয়ে নারী হকিতে অভিষেক বাংলাদেশের 

দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে ছেলেদের হকি আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করলেও, আজ প্রথমবারের মতো বিশ্বমঞ্চে যাত্রা শুরু করল লাল-সবুজের নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী চায়নিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইন্দোনেশিয়া অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অর্পিতা পাল।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশ এগিয়েছিল ২-১ গোলে। অস্টম মিনিটে আইরিন রিয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে। পরের মিনিটেই ঝু উই-চানের গোলে সমতায় ফেরে তাইপে। বাংলাদেশ অবশ্য লিড পুনরুদ্ধারে সময় নেয়নি। পরের মিনিটেই অর্পিতা পিসি থেকে ২-১ করেন। 

দ্বিতীয় কোয়ার্টার ছিল ৩-৩ সমতা। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে অর্পিতার গোলে ব্যবধান দ্বিগুণ করেছিল বাংলাদেশ। এরপর অবশ্য ঘুড়ে দাঁড়ায় তাইপে। পরের দুই কোয়ার্টারে তারা টানা চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এগিয়ে যায় ৫-৩ গোলে। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। তৃতীয় কোয়ার্টারেই দুই গোল করে ম্যাচে ফিরে আসে তারা। ৪০ মিনিটে কনা আক্তার ফিল্ড গোল করেন। ৪৪ মিনিটে অর্পিতা পিসি থেকে হ্যাটট্রিক পূরণ করেন। শেষ কোয়ার্টারে কোন দল গোল না পাওয়ায় ম্যাচের ফলে থাকে সমতা। 

প্লেয়ার অফ দ্য ম্যাচ অর্পিতা পাল

কাল শুক্রবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে উজবেকিস্তানের। সম্প্রতি ছেলেদের বাছাই উতরে বাংলাদেশ পৌঁছে গেছে জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া এশিয়াডে। তবে বাছাইয়ের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার লজ্জা পেতে হয়েছিল ছেলেদের।