বিয়ের প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভুক্তভোগী তরুণী (২৩) আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান। 

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. লিটন মোল্যার (৩৩) সঙ্গে প্রায় দুই মাস ধরে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে লিটন মোল্যা ও তার সহযোগী সবুজ মোল্যা মোটরসাইকেলে করে তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বানা ইউনিয়নের কটুরাকান্দি এলাকায় সবুজ মোল্যার বসতঘরে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়, সেখানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। তিনি এতে রাজি না হলে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে প্রথমে লিটন মোল্যা, পরে সবুজ মোল্যা এবং তাদের সহযোগী আলী শরীফ পালাক্রমে ধর্ষণ করে।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযুক্তরা তরুণীর ওপর শারীরিক নির্যাতন চালায়। পরবর্তীতে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে কিছুটা সুস্থ হয়ে ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-১৬।

ওসি ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।