সাত বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আবারও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত নির্বাচনটি আগামী ১১ জুলাই এফডিসিতেই আয়োজিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
আগামী ২১ মে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সদস্যদের জন্য চাঁদা পরিশোধ ও সদস্যপদ নবায়নের সুযোগ রাখা হয়েছে ১১ মে পর্যন্ত। এবারের নির্বাচন ঘিরে সবচেয়ে বড় পরিবর্তন হলো বহু আলোচিত ‘আম-মোক্তারনামা’ প্রথা বাতিল করা হয়েছে। ফলে এবার প্রার্থী ও ভোটাররা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন।
সমিতির নিয়ম অনুযায়ী, কোনো সিনেমা সেন্সর বোর্ডে পাসের চার বছর পর একজন প্রযোজক ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেন। আগে একজন প্রযোজক একাধিক সিনেমা নির্মাণ করলে একাধিক ‘আম-মোক্তারনামা’ দিয়ে অতিরিক্ত ভোটাধিকার পেতেন। তবে এবারের নির্বাচনে সেই সুযোগ থাকছে না। একজন প্রযোজক যত সিনেমাই নির্মাণ করুন না কেন, তিনি একজন ভোটার হিসেবেই গণ্য হবেন।
জানা গেছে, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৫০ থেকে ১৬০ জনের মধ্যে হতে পারে। সভাপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন খোরশেদ আলম খসরু ও আশরাফ উদ্দিন আহমেদ (নায়ক উজ্জ্বল)।
নির্বাচন প্রসঙ্গে খোরশেদ আলম খসরু বলেন, ‘দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সত্যিই আনন্দের ও ইতিবাচক খবর। এতদিন পর সদস্যরা আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন। আমিও এই নির্বাচনে অংশগ্রহণ করবো।