জুলাই হত্যাকাণ্ড

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষী হাদির জবানবন্দি গ্রহণ 

গণ-অভ্যূত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে প্রসিকিউশনপক্ষ ওসমান হাদির জবানবন্দির নথি উপস্থাপন করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন। প্রসিকিউশনপক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। 

গত বছরের ১২ ডিসেম্বর তিনি রাজধানীর পল্টন এলাকায় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

অ্যাডভোকেট ফারুক আহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, ‘শহীদ ওসমান হাদি এ মামলার ৭ নম্বর সাক্ষী ছিলেন। কিন্তু তিনি সাক্ষ্য দিয়ে যেতে পারেননি। আমরা তার জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে আরজি জানালে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন।’ তিনি জানান, এ মামলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামী রবি ও সোমবার তদন্ত কর্মকর্তাকে জেরার দিন ধার্য আছে।  

গত ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু হয়। অপর আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

সাত আসামির সবাই পলাতক এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছরের ১৮ ডিসেম্বর সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।