আড়াল ভেঙে গানে ফিরলেন হৃদয় খান

অনেক দিন ধরেই আলোচনার বাইরে কিছুটা অর্ন্তমুখী স্বভাবের সংগীতশিল্পী হৃদয় খান কাজ করে যান নিভৃতে। প্রচারবিমুখ এই তারকা অনেকদিন ধরেই ছিলেন আড়ালে। কোথায় ছিলেন, কেমন ছিলেন- জানতেন না তার ভক্ত-অনুরাগী এমনকি সহশিল্পীরাও। তবে এতদিন পর হদিস মিলল তারা। বিরতি ভেঙে  নিজেই জানালেন গানের ভুবনে ফিরলেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে তার ‘হাহাকার’ গানটি। সোমেশ্বর অলির কথায় গানটি সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই। 

হৃদয় বলেছেন, কয়েক বছর গানের বিষয়ে খুব একটা মনোযোগী ছিলাম না। কিন্তু খেয়াল করলাম, গান প্রকাশে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও শ্রোতাদের প্রত্যাশা এতটুকু কমেনি। বারবার আবদার আসছিল নতুন গানের, তারা চিরচেনা সেই হৃদয় খানকে খুঁজে পাবেন। তাদের সেই চাওয়া থেকেই ‘হাহাকার’ গানটি তৈরি করা। চেষ্টা করেছি, গানের সেই মেলোডিকে তুলে নিয়ে আসার, যা আমাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। আশা করছি, নতুন এই গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে। 

তার ফেরার খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। গানের অংশবিশেষ শুনেই অনেকে নিজ নিজ মত প্রকাশ করে যাচ্ছেন সামাজিক মাধ্যমে। তাদের দাবি, হাহাকার শুধু হৃদয় খানের চিরচেনা অবয়বই তুলে আনছে না, একই সঙ্গে জানান দিতে চলেছে, এই শিল্পী ও সংগীতায়োজক আর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত।’ এখন তাই দেখার অপেক্ষা শ্রোতাদের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে হৃদয়ের নতুন অধ্যায়ের পথ-পরিক্রমা কতটা দীর্ঘ হয়। 

শুধু নিজের জন্যই নয়, অন্যান্য শিল্পীদের গানেরও সুর-সংগীতায়োজন করে যাচ্ছেন তিনি। হৃদয় খান জানান, কদিন আগে তিনি ইমরান মাহমুদুলের জন্য একটি গান তৈরি করেছেন; যা নিয়ে ইতিবাচক আলোচনাও শোনা যাচ্ছে চারদিকে। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির শিরোনাম ‘ফিরে এলে না’; যা শিগগিরই প্রকাশ পাবে। এমন আরও কিছু চমক থাকছে আগামী দিনগুলোয়, যার আভাসও দিয়ে রেখেছেন হৃদয় নিজে। তবে এখনই সবকিছু খোলাসা করতে চান না। শুধু বলেছেন, ‘অপেক্ষায় থাকুন, একে একে সব আয়োজনের ঘোষণাই আসবে।’ 

হৃদয় বলেন, ‘এ কথা স্বীকার করতে হবে যে, শিল্পীমনে যে ক্ষুধা, তা কেবল সংগীত সৃষ্টির মধ্য দিয়ে পূরণ হচ্ছিল না বলেই নির্মাণে আসা। অনেকদিন ধরে মন চাইছিল আরও কিছু করতে। তাই মনের ভেতর লালন করা গল্পটা চিত্রায়ণের মধ্য দিয়ে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে চেয়েছি। তাই নির্মাতা হিসেবে সাফল্য বা ব্যর্থতার হিসাব-নিকাশ কষতে বসিনি কখনও। আগামীর দিনগুলোয় আরও নতুন কোনো পরিচয় তুলে ধরব কিনা, তা নিয়ে কিছু ভাবিনি। তবে যা সব সময় করতে চাই, তা হলো সংগীত সৃষ্টির মধ্য দিয়ে শ্রোতামনে কড়া নেড়ে যাওয়া। তাই অনেক কিছুর পর আমার কাছে শিল্পী ও সংগীতস্রষ্টার পরিচয়ই মুখ্য।’