পিরোজপুরে ৫ পরীক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পাঁচজন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ইন্দুরকানী মেহিউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং পাড়েরহাটের টগড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে পৃথকভাবে এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাদের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— পত্তাশী এস দাখিল মাদ্রাসার লামিয়া আক্তার (রোল: ২৩৩৩৩৬), বিথী আক্তার (রোল: ২৩৩৩৩৪), আজিমা (রোল: ২৩৩৩৩১), চন্ডিপুরের আজিজিয়া দাখিল মাদ্রাসার রাফিজা (রোল: ২৩৩২৮০) এবং কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসার মারিয়া আক্তার (রোল: ২৩৩৪৬৭)। অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরীক্ষা বন্ধ রাখা হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের তত্ত্বাবধানে চিকিৎসা প্রদান করা হয়।

ডা. ননী গোপাল রায় জানান, অসুস্থ পাঁচজন পরীক্ষার্থীকে দ্রুত ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে পুনরায় পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে এবং একজন চিকিৎসাধীন রয়েছে। 

ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, অসুস্থতার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিথী আক্তার ছাড়া বাকি চারজন পরীক্ষার্থী চিকিৎসা শেষে আবার পরীক্ষায় অংশ নিয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত গরম, পর্যাপ্ত ঘুমের অভাব এবং সকালে ঠিকমতো খাবার না খাওয়ার কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সকল পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য পানি, স্যালাইন ও গ্লুকোজ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।