ফের সুনেরাহ-ইরফান সাজ্জাদ জুটি

পারিবারিক গল্পের অভিনয়শিল্পী হিসেবে সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের সাম্প্রতিক কাজগুলো দেখলে সেটি আরও স্পষ্ট হয়ে যায়। তারই ধারাহিকতায় গতকাল বৃহস্পতিবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হলো এ জুটির ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ নাটকটি। এতে আরও আছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও আশরাফুল আলম সোহাগ। জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুভ্রত মিত্র। নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু।

নাটকের গল্পে দেখা যায়, সুখী দম্পতি সুনেরাহ ও ইরফান সাজ্জাদের পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় বাবা আবুল হায়াত। প্রথম দিকে বিষয়টি স্বাভাবিক থাকলেও পরে বেঁকে বসেন সুনেরাহ। এ নিয়ে সংসারে টানাপড়েন শুরু হয় তাদের। বিপত্তিতে পড়েন ইরফান সাজ্জাদ। একদিকে স্ত্রী, অন্য দিকে বৃদ্ধ বাবা তার। এমন পরিস্থিতিতে  কী করবেন তিনি? এমনই গল্পে নাটকটি নির্মিত।

নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘চলতি বছর পারিবারিক গল্পের দিকে দর্শক বেশ আগ্রহী হয়েছেন। এ নাটকেও দর্শক পিতা ও পুত্রের সুন্দর একটি গল্প দর্শক দেখতে পাবে। এ সময়ে এসে আমাদের পরিবারগুলোতে যা হচ্ছে, পরিচালক সেটি তুলে ধরার চেষ্টা করেছেন।’