মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংশ্লিষ্ট আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।

পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকার প্রশাসনিক কাঠামোর আওতায় আনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় বৈঠকে। একই সঙ্গে প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে প্রকল্পটি তিনটি জেলায় বিস্তৃত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল এবং নাগরিকসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সেবা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে ২১ মে ‘জাতীয় চা দিবস’ হিসেবে পালিত হবে, যা আগে ৪ জুন পালন করা হতো। এর মাধ্যমে বৈশ্বিক উদযাপনের সঙ্গে দেশের সম্পৃক্ততা আরও জোরদার হবে।