সম্প্রতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনা নিয়ে দেশে ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে সতর্ক করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদলের সভাপতি রাকিবের অভিযোগ, ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে সালাউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আম্মারকে উদ্দেশ্যে করে কিছু কথা বলেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, চট্টগ্রামে সাম্প্রতিক ছাত্রদল-শিবির সংঘর্ষ এবং বিভিন্ন ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করেছে। তার মতে, এসব ঘটনার পেছনে ‘গুপ্ত রাজনীতি’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার বিষয় জড়িত।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবিরসহ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে, তারা কোনো উসকানিমূলক পরিস্থিতি তৈরি করবে না এবং এমন কর্মকাণ্ডে প্রতিক্রিয়া দেখাবে না।
রাকসু জিএসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রতিনিয়ত সেই পরিস্থিতি তৈরি করছে। আজ উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাহউদ্দিন আম্মার আবারও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। বিগত সময় বিকৃত মানসিকতার সালাহউদ্দিন আম্মার জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল, নোংরা স্ট্যাটাসই শুধু নয়, আজ ছাত্রদলকে... ভাষায় গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছে।
ছাত্রদলের অবদান স্মরণ করিয়ে দিয়ে সভাপতি রাকিব পোস্টে লেখেন, সালাহউদ্দিন আম্মারকে স্মরণ করিয়ে দিচ্ছি, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী জেলা, মহানগর ইউনিটে সমৃদ্ধ নয়, আম্মারের জন্মস্থান যেখানে তার শ্রদ্ধেয় পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন, সেখানে যেমন ছাত্রদল রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলায় ছাত্রদলের লাখো লাখো নেতাকর্মী রয়েছে। ৫ আগস্টের পর এই সালাহউদ্দিন আম্মারদের আবির্ভাব, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সাড়ে পনের বছর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে উত্তীর্ণ।
কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি।