কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে কাজী হিরন মিয়া নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক হিরন মিয়া (৭০) ও এলাকার বাসিন্দা ও নিহত কাজী মোহাম্মদুল্লাহ (৪০) অভিযুক্তর সেজো ছেলে।
নিহতের বড় ভাই কাজী আহমেদ জানান, মোহাম্মদুল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিতভাবে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। বাবা-মাকে মারধর, বড় ভাইয়ের স্ত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রায় তিন মাস আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ২ এপ্রিল কারামুক্ত হয়ে তিনি আবারও পরিবারে অশান্তি সৃষ্টি করতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে ভাই মোহাম্মদুল্লাহ বাবাকে মারধর শুরু করেন। একপর্যায়ে একটি ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে মোহাম্মদুল্লাহ ঘরের বারান্দায় পড়ে গেলে তার হাত থাকা ছুরি কেড়ে নেন। পরে ক্ষোভ ও আত্মরক্ষার চেষ্টাঢ তাকে গলায় পোচ দেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনার পর হিরন মিয়া নিজেই থানায় ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।