চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে মহাকবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে ‘সার্বভৌম উম্মাহ: আধিপত্যবাদ মোকাবিলায় আল্লামা ইকবালের চিন্তা ও দর্শন’এই প্রতিপাদ্যে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মীম মিজান।
সেমিনারে আলোচক রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাহফুজ পারভেজ বলেন, আল্লামা ইকবালকে নিয়ে প্রোগ্রাম করলে যারা পাকিস্তানি বলে তারা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে। আল্লামা ইকবাল পাকিস্তান রাষ্ট্র গঠনের আগেই মারা গেছেন। তাকে পাকিস্তানি বলা এক ধরনের অপরাজনীতি। তিনি সমগ্র জাতির মানুষের চিন্তা, দর্শনকে প্রভাবিত করেছেন।
আলোচক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, একসময় ক্যাম্পাসে আল্লামা ইকবালকে নিয়ে প্রোগ্রাম করার চিন্তা করা যেতো না। জুলাই বিপ্লব পরর্বতীতে সেই সুযোগ হয়েছে চাকসু সেই উদ্যোগ নেয়ায় চাকসুকে ধন্যবাদ। আল্লামা সকল জাতীয়তাবাদ চিন্তার ঊর্ধ্বে উঠে উম্মাহর কথা বলেছেন।
সেমিনারে চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ অনেকেই।