স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান আলী (৪৫) নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার লোকমানপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান আলী (৪৫) উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ গাঁওপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে।

গত ২১ এপ্রিল ঘটনার একদিন পর ২২ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অসুস্থ হওয়ায় ২০ এপ্রিল মেয়েকে বাড়িতে একা রেখে তার অসুস্থ বাবাকে নিয়ে তার মা রাজশাহীতে চিকিৎসার জন্য যান। সেদিন রাতে তারা রাজশাহীতেই অবস্থান করে। পরদিন ২১ এপ্রিল সকালে বাবা ও মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত হাসান আলী ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত হাসান পালিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর মা ঘটনা জানতে পেরে বাড়িতে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর বাজার থেকে অভিযুক্ত হাসান আলীকে গ্রেপ্তার করে।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।