জকসু প্ল্যাটফর্মে শিবিরের দলীয় প্রভাবের অভিযোগ ছাত্রদল প্যানেলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ছাত্রদল প্যানেলের অফিসিয়াল কার্যক্রম ও প্রচারণায় বৈষম্যের অভিযোগ তুলেছেন সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া। তিনি অভিযোগ করেন, বড় পরিসরে কর্মসূচি আয়োজন করলেও তা জকসুর অফিসিয়াল পেইজে প্রকাশ করা হয় না, অথচ অন্যদের ছোটখাটো কার্যক্রম নিয়মিত প্রচার করা হয়।

একই সঙ্গে জকসুর প্ল্যাটফর্মকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও তুলেছেন জকসুর আরও তিন নেতা।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া বলেন, শিবির প্যানেল রাস্তায় দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বললেও সেটি নিয়ে জকসুর পেইজে পোস্ট হয়, কিন্তু আমি এত বড় প্রোগ্রাম করলাম, সেটি নিয়ে কোনো পোস্ট হয় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যরা হলেন জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন এবং নির্বাহী সদস্য মো. সাদমান আমিন (সাদমান সাম্য)। তারা সবাই ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধি।

ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত নেতারা জানান, জকসুর মতো একটি প্ল্যাটফর্মকে দলীয় স্বার্থে ব্যবহার না করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় জকসু শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলে তারা সতর্ক করেন।

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৬ জানুয়ারি জকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনের পর থেকেই একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ জকসুর প্ল্যাটফর্মকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের একটিও এখনও বাস্তবায়ন করা হয়নি; বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় এজেন্ডা প্রচারেই বেশি সক্রিয়তা দেখা যাচ্ছে। বারবার প্রতিবাদ জানানোর পরও এ প্রবণতা অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।

রিয়াসাল রাকিব আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি পালন করলেও পরবর্তী সময়ে তারা নিজেদের দলীয় ব্যানারের পরিবর্তে জকসুর ব্যানার ব্যবহার করে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন। এর মাধ্যমে একটি অরাজনৈতিক শিক্ষার্থী প্ল্যাটফর্মকে দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।