রাজধানীর শাহবাগ থানার ভেতরে ও আশপাশে সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন Human Rights Support Society (HRSS)।
শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবৃতিতে এইচআরএসএস বলেছে, সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন গণমাধ্যম, তথ্য জানার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একইসঙ্গে নির্বাচিত ছাত্রনেতাদের ওপর হামলাকে গণতান্ত্রিক চর্চা, ছাত্ররাজনীতি ও ক্যাম্পাসে মতভিন্নতার সহনশীল পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়।
সংগঠনটি বিশেষ উদ্বেগ প্রকাশ করে বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে থানার মতো স্থানে সহিংসতার অভিযোগ ওঠা আইনের শাসন ও জননিরাপত্তা ব্যবস্থার জন্য অশনিসংকেত।
বিবৃতিতে ঘটনার অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এইচআরএসএস বলেছে, মতবিরোধের জবাব কখনো সহিংসতা হতে পারে না; গণতান্ত্রিক সমাজে সংলাপ, আইন ও যুক্তিই হওয়া উচিত বিরোধ নিষ্পত্তির পথ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দায়মুক্তির সংস্কৃতি আরও বিস্তৃত হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।