রাজধানীর অফিসার্স ক্লাবের সামনে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ। ঢাকা শহরের বিভিন্ন ভিআইপি সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তারপরও আদেশ অমান্য করে এসব সড়কে উঠলে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেয়।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত দেড় ঘণ্টা বিশেষ অভিযান চালানো হয়। ট্রাফিক রমনা বিভাগের সহকারী পুলিশ সুপার আসিফ মাহমুদ গালিব এই অভিযানের নেতৃত্ব দেন।
তিনি বলেন, অফিসার্স ক্লাব মোড়ে নিষিদ্ধ রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের বিরুদ্ধে চেকপোস্ট বসানো হয়। এ সময় ১০টি অটোরিকশা ডাম্পিং ও ১৫টি অটোরিকশায় রেকার করা হয়। এছাড়া অভিযানে কাগজপত্রহীন ও হেলমেট না থাকার অভিযোগে একাধিক মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে বলেও জানানো হয়।