বদলি হয়েও দায়িত্ব ছাড়ছেন না উপজেলা প্রকৌশলী!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিদায়ী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনের বিরুদ্ধে বদলি হওয়া সত্ত্বেও দায়িত্ব ও চার্জ বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। বদলির আদেশের প্রায় দুই সপ্তাহ পরও তিনি দায়িত্ব না ছাড়ায় উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক দাপ্তরিক আদেশে গত ৮ এপ্রিল কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবং ভূঞাপুর উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেনকে কালিহাতীতে বদলি করা হয়।

নতুন উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন গত ১২ এপ্রিল নির্বাহী প্রকৌশলীর কাছে যোগদান করেন এবং আরিফ হোসেন ১৩ এপ্রিল চকরিয়ায় যোগদান দেখান। তবে কাগজে-কলমে যোগদান সম্পন্ন হলেও বাস্তবে আরিফ হোসেন এখনো কালিহাতী অফিসের দায়িত্ব ও চার্জ বুঝিয়ে দেননি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, দায়িত্ব হস্তান্তরের আগে আরিফ হোসেন সময়ক্ষেপণ করছেন এবং এ সময়ের মধ্যে অনিয়ম ও আর্থিক লেনদেনের চেষ্টা করছেন—এমনও দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, চলতি অর্থবছরে কালিহাতী-পারখী সড়কের ৩০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই ‘তরফদার এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৬২ লাখ টাকা অগ্রিম বিল প্রদান করা হয়।

এছাড়া সুরুজ-ধলাপাড়া সড়কে কার্পেটিং কাজ শেষ হওয়ার আগেই প্রায় দুই কিলোমিটার এলাকায় ফাটল দেখা দেয়। পরে ফাটলগুলো বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আরও অভিযোগে বলা হয়, নিম্নমানের কাজ থাকা সত্ত্বেও ‘দাস এন্টারপ্রাইজ’-কে প্রায় ২ কোটি টাকার বিল প্রদান করা হয়েছে, যেখানে অনিয়মের মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়ও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।

নতুন যোগদানকৃত উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন জানান, তিনি যোগদান করলেও এখনো দায়িত্ব ও চার্জ বুঝে পাননি। ফলে দাপ্তরিক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প তদারকিতে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে আরিফ হোসেন বলেন, চকরিয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশের পদোন্নতির কারণে দায়িত্ব বুঝিয়ে দিতে কিছুটা সময় লাগছে। তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেলে কালিহাতীর দায়িত্ব নতুন প্রকৌশলীকে বুঝিয়ে দেবেন। তিনি ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, কালিহাতী উপজেলা প্রকৌশলীর দায়িত্ব হস্তান্তর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি শিগগিরই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।