ইরান সংলাপে গতি ফেরাতে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং তার জামাতা জ্যারেড কুশনার শনিবার (২৫ এপ্রিল) সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা এগিয়ে নিতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। 

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেভিট বলেন, সাম্প্রতিক কয়েক দিনে ইরানের পক্ষ থেকে কিছু অগ্রগতি লক্ষ্য করা গেছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তিনি বলেন, “স্টিভ ও জ্যারেড আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন ইরানিদের বক্তব্য শোনার জন্য। আমরা আশা করছি, এই বৈঠক থেকে ইতিবাচক অগ্রগতি আসবে।”

এর আগে রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।

লেভিট আরও জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অগ্রগতি হলে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এর আগে চলতি মাসের শুরুতে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় তিনি নেতৃত্ব দেন, যা সফল হয়নি।
 
তিনি বলেন, 'প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রেই থেকে পরিস্থিতির আপডেট নেবেন। তবে প্রয়োজনে ভাইস প্রেসিডেন্ট দ্রুত পাকিস্তানে যেতে প্রস্তুত আছেন।'

এর মধ্যে গত মঙ্গলবার শেষ মুহূর্তে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে বাড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাতে করে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আরও সময় পাওয়া যায়।