গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানে। শনিবার (২৫ এপ্রিল) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এরফান কিয়ানি নামের ওই ব্যক্তি চলতি বছরের দেশব্যাপী বিক্ষোভ চলাকালে নাশকতা, সহিংসতা এবং জনসাধারণ ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের সঙ্গে জড়িত ছিলেন। তাকে 'মোসাদের ভাড়াটে সন্ত্রাসী' হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাসনিম নিউজের দাবি অনুযায়ী, কিয়ানি ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে আতঙ্ক সৃষ্টি, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অংশ নেন। এছাড়া তিনি ধারালো অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি ছড়িয়েছিলেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সুপ্রিম কোর্টের রায় নিশ্চিত হওয়ার পর এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার ভোরে তার ফাঁসি কার্যকর করা হয়।