নড়াইলে ইসকাফ-মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

নড়াইলে পৃথক অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ইসকাফ সিরাপ ও পাঁচ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুই ব্যক্তিকে আটক করেছে  আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৪ এপ্রিল)  রাতে উপজেলার পঙ্কবিলা এলাকায় ও বিকেলে শহরের শেখ রাসেল সেতু এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

আটকরা হলেন যশোরের চৌগাছার সরুপদা গ্রামের মাহাবুর রহমান (২৬) ও  নড়াইল সদরের পঙ্কবিলা গ্রামের মানিক বিশ্বাস (৩২)।

ডিবি জানায়, গোপন খবর পেয়ে শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল সেতুর ওপর একটি প্রাইভেটকারের বুট থেকে বস্তা ভর্তি ৩৯৮ বোতল ভারতীয় ইসকাফ সিরাপ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। এসময় যশোরের চৌগাছা এলাকার মাহাবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। এছাড়া অভিযানকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।