বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পরই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ।
আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের যায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান। এ সময় মন্ত্রী জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নাই বলেও জানান। এক্ষেত্রে সকলের নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।
মন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলির মধ্যে দুটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জে. এস এম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।