জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বালিয়াকান্দি উপজেলা।
একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নিরুপমা রায়, ইউএনও, রাজবাড়ী সদর উপজেলা এবং তৃতীয় হয়েছেন মো. মেজবাহ উদ্দিন, ইউএনও, কালুখালী উপজেলা। ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান।
জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রথম, রাজবাড়ী সদর উপজেলা দ্বিতীয় এবং কালুখালী উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিভাগের মধ্যে।
ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্র, ইউপি সচিবগণ এবং গ্রাম পুলিশদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে।