সরকার দেশে স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
শনিবার (২৫ এপ্রিল) টেলিকম পলিসি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান।
আসিফ আসাদ বলেন, গরিব মানুষের হাতেও যাতে একটা স্মার্টফোন থাকে, সে জন্য সরকার এই উদ্যোগ নিতে চায়। যাতে তারাও ডিজিটাল সেবা পান।
তিনি আরও বলেন, দেশের গরিব মানুষের কাছ থেকে ১০০ টাকার মোবাইল রিচার্জে সরকার সরাসরি ৩৮ টাকা কর বাবদ কেটে নিচ্ছে। এটা ঠিক না। টেলিকম সেবায় আরোপিত ট্যাক্স-ভ্যাট কমানো নিয়ে সরকার এরইমধ্যেই কাজ শুরু করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনতে চায় সরকার। একই সঙ্গে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও নিশ্চিত করতে চাই।
গ্রাহক মোবাইল সার্ভিস নিতে অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এটা সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা হিসেবে কাজের জন্য সরকারের কাছ থেকে তিনি কোনো বেতন নেন না বলে জানান। উপদেষ্টা বলেন, কোনো সরকারি গাড়িও ব্যবহার করি না। আমি দেশের জন্য কাজ করতে এসেছি।