আখাউড়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকায় কয়েকজন ব্যক্তি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি আখাউড়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি এক নারীর। বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।