যুক্তরাষ্ট্রের অবরোধ ও জলদস্যুতা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে,এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার খাতাম আল আনবিয়া।
শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে নৌ অবরোধ, দস্যুতামূলক তৎপরতা ও আগ্রাসন চালিয়ে যায়, তাহলে ইরানের সামরিক বাহিনী শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। তথাকথিত 'চাপিয়ে দেওয়া তৃতীয় বিশ্বযুদ্ধে' যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের সামরিক সক্ষমতার একটি অংশ দেখেছে বলেও উল্লেখ করা হয়।
ইরান জানায়, তাদের বাহিনী অঞ্চলে শত্রুপক্ষের চলাফেরা ও আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও আগ্রাসন চালালে তাদের আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে।
ইরান স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না হলে তারা আর কোনো যুদ্ধবিরতি আলোচনায় ফিরবে না। তাদের মতে, এই অবরোধই বিদ্যমান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।