ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই বলেছেন, জাতীয় ঐক্য ও জনগণের অভিন্ন কণ্ঠস্বর শত্রুপক্ষকে হতাশ ও অসহায় করে তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, এই ঐক্যই শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ হিসেবে কাজ করছে।
বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি বলেন, দেশের ঐক্য এমন একটি শক্তি, যা শত্রুর সেই সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে—যেগুলো তারা আগ্রাসন, যুদ্ধ কিংবা আলোচনার মাধ্যমে অর্জন করতে পারেনি।
তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ এখন সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের অপূর্ণ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। তবে এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
মোহসেনি এজেই আরও বলেন, জাতীয় ঐক্যই শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর প্রতিরোধ। মোজতবা খামেনির নির্দেশনার প্রতি পূর্ণ আনুগত্য রেখে তিনি বলেন, শক্তিশালী ইরান গড়ার পথ সমাজের সব স্তরের মানুষের ঐক্যের মধ্য দিয়েই সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষের চালানো তথাকথিত কগনিটিভ ওয়ারফেয়ারের মাধ্যমে ইরানকে বিচ্ছিন্ন ও জনসমর্থনহীন হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এই ভুল ধারণার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু স্থাপনায় হামলা চালায় বলে তিনি দাবি করেন। তবে শেষ পর্যন্ত শত্রুরা নিজেদের সেই ভুল হিসাবের ফাঁদেই পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।