গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তারা।রবিবার (২৬ এপ্রিল) এলাকার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য গাজার আল-মুঘরাকা গ্রামের কাছে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হন। গাজা সিটির কাছে ইসরায়েলি গোলাগুলি ও ট্যাংকের শেলে আরও দুইজনের মৃত্যু হয়।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ৪০ বছর বয়সী এক নারীকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় তাদের কোনো হামলার বিষয়ে অবগত নয় বলে দাবি করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, অন্যান্য হামলার ঘটনা তারা খতিয়ে দেখছে। পাশাপাশি তারা দাবি করেছে, শুক্রবার থেকে গাজায় কয়েকজন হামাস যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও গাজায় সহিংসতা থামেনি। স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলের দাবি অনুযায়ী হামাসের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৭২ হাজার ৫০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জন নিহত হয়েছিলেন।