ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্যাঙ্গনজুড়ে। সহপাঠী, শিক্ষক, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন তার এমন বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিক রেহমান লিওন জানান, ময়নাতদন্ত শেষে এটি আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়েছে। পরে মরদেহ তার জন্মস্থান মাদারীপুরে নেওয়া হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরাও মরদেহের সঙ্গে যান।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করে। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, মেধাবী শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।