ভৌগোলিক দৃষ্টিকোন থেকে দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জসহ ৪টি এবং রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার হাজার হাজার রেল ভ্রমণকারী যাত্রীদের একমাত্র মাধ্যম বিরামপুর রেলওয়ে স্টেশন। নানা সমস্যায় জর্জরিত স্টেশনটির যাত্রীসেবা উন্নতিকরণে উদ্যোগ নিতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের ধারাবাহিকতায় রবিবার(২৬এপ্রিল) বিকেলে স্টেশন পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। পরিদর্শন শেষে ঢাকা গামী কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি, স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম বর্ধিতকরণ, ১ নাম্বার প্লাটফর্মের পানি পড়া বন্ধে ব্যবস্থা গ্রহণ সহ ওভারব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পেশাজীবি ঐক্য ফোরামোর আহবায়ক রফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজার এর সভাপতি মাহমুদুল হক মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ অনেকে ।