একের পর এক ফোক গান গেয়ে এরই মধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন তরুণ গায়িকা ইসরাত জাহান জুঁই। মাঝে কয়েকদিন বিরতির পর জুঁইয়ের কণ্ঠে আবারও নতুন দুটি ফোক গান প্রকাশ পেয়েছে। একটি গানের শিরোনাম ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’, আরেকটি গানের শিরোনাম ‘মানুষ চেনা বড় দায়’। প্রথমটির কথা লিখেছেন রূপচান্দ, সুর করেছেন পাগল মুস্তাক এবং মিউজিক করেছেন মুন্সী জুয়েল। গানটি প্রকাশ পেয়েছে ‘ইসরাত জাহান জুঁই’ ইউটিউব চ্যানেলে। অন্যটি গানটির কথা মল্লিক রাসেলেরে এবং সুর-সংগীত আকাশ মাহমুদের।
জুঁই বলেন, ‘ফোক গান গাইতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে স্টেজ শোতে নিজেকে ফোক গানের একজন শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। ফোক গান নিয়ে দেশের বাইরের স্টেজ-শোগুলোতে বেশি সাড়া পাই আমি। দেশের আনাচে কানাচেও দারুণ সাড়া মেলে। যে কারণে আমি নতুন ফোক গান প্রকাশেই মনোযোগ দিয়ে থাকি। প্রকাশিত নতুন দুটি মৌলিক গানের মধ্যে যার অন্তর ভালা-রূপের দরকার নাই গানটির কথা ও সুর আমার কাছে অনেক বেশি ভালো লাগার। এই গানটির জন্য ভীষণ সাড়া পাচ্ছি। মানুষ চেনা বড় দায় গানটিও সুন্দর। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার গানের শ্রোতাদের কাছে এবং আমাকে নিয়মিত যারা অনুপ্রেরণা দিয়ে স্টেজ শোতে গান গাইবার সুযোগ করে দেন।