টেস্ট দলে তানজিদ-অমিত

ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নিজের অবস্থানটা পাকা করে ফেলেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। জাকির হাসানকে নির্বাচকরা ক্রমাগত সুযোগ দিয়ে গেলেও টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান পারেননি পরবর্তী সময়ে নিজেকে মেলে ধরতে। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনও পারেননি সুযোগগুলো কাজে লাগাতে। হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল নিজেদের প্রথম টেস্ট দল ঘোষণায় হাঁটল একটু ভিন্ন পথে। সাদা বলের পর লাল বলেও তারা পাকিস্তানের বিপক্ষে সুযোগ দিয়েছেন তানজিদ হাসান তামিমকে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মৌসুমে নিয়মিত ভালো করার পুরস্কার পেয়েছেন অমিত হাসান, প্রথমবারের মতো ডাক পেলেন কোনো সংস্করণের জাতীয় দলে। বিসিএলের প্রথম রাউন্ডে জাকের আলির কনকাশন সাব হিসেবে নেমে সেঞ্চুরি করেছিলেন অমিত।

পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে আছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ৮-১২ মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট, ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

তানজিদ ও অমিতকে টেস্ট দলে সুযোগ দেওয়ার ব্যপারে প্রধান নির্বাচক হাবিবুল বাশার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য তানজিদ আমাদের ভাবনায় ছিল। তার প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড বেশ ভালো এবং আমরা মনে করেছি, টেস্টে নিজের সক্ষমতা দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক বেশ পোক্ত এবং প্রচুর সহজাত প্রতিভা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, সুযোগ পেলে সে বড় ফরম্যাটের ক্রিকেটে ভালো করতে পারবে।’ সাবেক এই অধিনায়ক আরও জানান, ‘অমিতের এই ডাক তার প্রাপ্য, কারণ সে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটার। তার ধৈর্যশীল মানসিকতা চোখে পড়ার মতো এবং আমরা বিশ্বাস করি, এটি টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা খুব প্রয়োজন, আর সে দীর্ঘ সময় ধরে এই গুণগুলো দেখিয়ে আসছে।’

হাবিবুলের আশা, তানজিদ ও অমিত হবেন লম্বা রেসের ঘোড়া, ‘এই দুই খেলোয়াড়েরই সামনে অনেক সময় পড়ে আছে এবং তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।’