ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩

রাজধানীর মোহাম্মদপুর ও মতিঝিল থানা এলাকায় পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেনÑ মো. ইমন (২৯), রোহান (১৬) ও জিহাদ (১৭)। গত শনিবার রাত একটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ইমনের ভাই সুমন জানান, ইমন সিএনজিচালিত অটোরিকশা চালক। গত রাতে গ্যারেজে অটোরিকশা জমা দিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ৩/৪ জন ছিনতাইকারী ইমনের পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কব্জি, ডান কাঁধ, বাম পায়ের হাঁটুতে ও ডান পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে। এরপর তারা ইমনের কাছে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী ইমন রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে রাজধানীর মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করেন তিনি। এদিকে একই রাতে ভাঙাড়ি ব্যবসায়ী রোহান ও জিহাদ মতিঝিলের আরামবাগে ছিনতাইকারীদের কবলে পড়েন। ৩/৪ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে রোহানের বাম হাতে ও জিহাদের ডান হাতে আঘাত করে তাদের কাছে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শনিবার রাতে মোহাম্মদপুর ও মতিঝিল এলাকা থেকে তিন যুবক আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আসেন। তারা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।