ইরান সংঘাতে বাড়ছে প্রযুক্তিপণ্যের দাম

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ড সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে, যার ফলে প্রযুক্তি কোম্পানিগুলোর উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। শিল্পসংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তারা জানিয়েছেন, স্মার্টফোন, কম্পিউটার থেকে শুরু করে এআই সার্ভার, প্রায় সব ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) তৈরির কাঁচামালের সরবরাহ ব্যাহত হয়েছে এবং দামও বেড়েছে।

এটি ইলেকট্রনিকস নির্মাতাদের জন্য নতুন ধাক্কা। কারণ তারা আগে থেকেই মেমোরি চিপের বাড়তি দামের চাপ সামলাচ্ছিল। এখন ইরান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা, প্লাস্টিক ও তেলের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

গত বছরের শেষ দিক থেকেই এআই সার্ভারের চাহিদা বাড়ায় পিসিবির দাম বাড়ছিল। মার্চ থেকে কাঁচামাল মজুতের প্রতিযোগিতা শুরু হওয়ায় দাম আরও দ্রুত বাড়তে থাকে। গোল্ডম্যান স্যাকস এর বিশ্লেষকদের মতে, শুধু এপ্রিল মাসেই মার্চের তুলনায় পিসিবির দাম সর্বোচ্চ ৪০ শতাংশ বেড়েছে। ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধি মেনে নিতে প্রস্তুত, কারণ চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পিসিবি নির্মাতা দেদুক ইলেক্ট্রনিকস জানিয়েছে, তারা ইতোমধ্যে ক্রেতাদের সঙ্গে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করেছে। প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের গ্রাহকদের মধ্যে স্যামসাং এর মত প্রতিষ্ঠান রয়েছে। 
এদিকে গ্লাস ফাইবার, কপার ফয়েলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণের সংকটও দাম বাড়াচ্ছে। চলতি বছরে কপার ফয়েলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। পিসিবি উৎপাদন ব্যয়ের প্রায় ৬০ শতাংশই কপারের পেছনে যায়।

যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রযুক্তিপণ্যের উৎপাদন খরচ আরও বাড়বে এবং বিশ্ববাজারে এর প্রভাব পড়বে।