যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইরান ভেনেজুয়েলা নয় যে চাইলেই সম্পদ লুট করা যায়

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের কড়া বিরোধিতা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই জলপথে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা মেনে নেওয়া হবে না।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বলছি-এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।' 
 
তিনি দাবি করেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত একটি অঞ্চল, যেখানে অন্য কোনো দেশের মতামত চাপিয়ে দেওয়ার অধিকার নেই।

আসাদির ভাষায়, 'শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু তা সফল হবে না।' তিনি আরও বলেন, মার্কিন নেতৃত্বের এমন আচরণ তাদের নিজেদের জনগণের কাছেও লজ্জাজনক।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের বিশেষ করে তেলের মতো সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তবে ইরান ও তার জনগণ যেকোনো ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। এই পথ দিয়ে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবহন হওয়ায় এখানে অস্থিরতা আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব ফেলে।