ইরান ইস্যু নিয়ে জরুরি বৈঠকে ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, যুদ্ধবিরতি আলোচনা এবং হরমুজ প্রণালিতে নৌচলাচল পুনরায় চালুর প্রচেষ্টা থমকে যাওয়ায় সোমবার (২৭ এপ্রিল) জরুরি সংকটকালীন বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন। অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বৈঠকে ইরানের সঙ্গে চলমান আলোচনায় অচলাবস্থা এবং যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করা হবে। 

এদিকে এবিসি নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রভাব নিয়ে ট্রাম্প প্রশাসনের আস্থা বাড়ছে। একই সঙ্গে বর্তমান ইরানি আলোচকদের সঙ্গে আলোচনা করে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয়ও বাড়ছে।

অ্যাক্সিওস আরও জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে পারমাণবিক ইস্যুতে আলোচনা পরে করার কথা বলা হয়েছে। এবিসি নিউজের এক সূত্র জানায়, তেহরানের প্রস্তাবিত শর্তগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের নির্ধারিত ‘লাল রেখা’র অনেক নিচে রয়েছে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলের শুরুতে পাকিস্তানের রাজধানীতে যে আলোচনা শুরু হয়েছিল, তা পুনরুজ্জীবিত করার চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন। ওয়াশিংটনের চাপের মুখে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন আরাঘচি।