টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের আক্রমণে দুই দিনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। গত রবিবার থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত পৌর এলাকার উত্তরা মোড় থেকে সখীপুর-আন্ধি সড়কের বিজ্ঞানাগার এলাকা এবং কালিয়া ইউনিয়নের ঘোনারচালা ও দামিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কালিয়া ইউনিয়নের দেবলচালা এলাকায় কয়েকজনকে কামড়ানোর পর কুকুরটি পৌর এলাকায় প্রবেশ করে। পরে উত্তরা মোড় (কানার মোড়) থেকে আন্ধি এলাকা পর্যন্ত অন্তত ২০ জনকে কামড়ায়। এতে ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছে। রাতে কাহারতা গ্রাম হয়ে কচুয়া এলাকার দিকে চলে যায় কুকুরটি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
আহতরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত আবদুর রশিদ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা আহমেদ বলেন, অনেকের শরীরে গভীর ক্ষত রয়েছে, তবে সবাইকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ঘোনারচালা গ্রামের বাসিন্দা হাবীবুর রহমান বলেন, নাতনিকে স্কুল থেকে আনার পথে হঠাৎ কুকুরটি তাকে কামড়ায়। আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও আক্রমণ করে। একই গ্রামের নুর নাহার জানান, আচমকা লাফ দিয়ে কুকুরটি তার হাতে কামড় দেয়। পরে হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন তিনি।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আক্রান্ত এলাকাগুলোতে মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।